রাজশাহীতে মাদক ব্যবসার দায়ে ১০ বছর কারাদণ্ড
রাজশাহীতে হেরোইন ব্যবসার দায়ে মিকাইল ইসলাম (২০) নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে পাঁচ হাজার টাকা। অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এ দণ্ডাদেশ দেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ আগস্ট দুপুরে রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর মোড়ে নম্বর প্লেট বিহীন একটি মিশুকে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি টিম। এ সময় মিকাইল ইসলামের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (সদর সার্কেল) পরিদর্শক মোস্তফা জামাল বাদী হয়ে ওই দিনই পবা থানায় মামলা করেন। পরে মামলাটি নিষ্পত্তির জন্য রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ বুধবার আদালত রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান বাদশা।

শ. ম সাজু, রাজশাহী