সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে তাঁর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবু মনসুর মো. জিয়াউল হক এই রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া আহসানুর রহমান মোড়লের বাড়ি জেলার তালা উপজেলার লাউতাড়া গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের নভেম্বর মাসের কোনো এক রাতে স্ত্রী শিরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন আহসানুর। এ ঘটনায় শিরিন আক্তারের বাবা মনিরুদ্দিন মোড়ল তালা থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ আহসানুরের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ বিচারক আহসানুরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা