বোয়ালমারীতে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক মৃধা (৬৫) পুলিশের অবসরপ্রাপ্ত সিপাই। তিনি কেয়া গ্রামের মৃত সালাম মৃধার ছেলে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদ জানান, আজ বিকেল সাড়ে ৬টার দিকে প্রতিবেশী রেবেকা বেগম বিরোধ থাকা একটি জমিতে কাঁঠাল কাটছিলেন। এ সময় রাজ্জাক মৃধা এসে বাধা দিলে রেবেকা তাঁকে বটি দিয়ে গলায় কুপিয়ে আহত করেন। এ সময় বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক মোরশেদ আলী তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই শহীদ জানান, পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সঞ্জিব দাস, ফরিদপুর