সাতক্ষীরায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা নিক্ষেপ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, আজ দুপুরে কে বা কারা একটি মোটরসাইকেলে এসে দলের কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি বোমা ছুঁড়ে দ্রুতবেগে পালিয়ে যায়। একটি বোমা বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় সিঁড়ির ঘরে পড়ে থাকে।
এ সময় কার্যালয় বন্ধ ছিল বলে জানান রবিউল। তিনি বলেন, কারা এ বোমা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা