দিনাজপুরের এক ‘জেএমবি’ সদস্যসহ আটক ৭০
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যসহ ৭০ জনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ১৩টি উপজেলায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে মোট ৭০ জনকে আটক করেছে। এদের মধ্যে জেএমবির এক সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের এক সদস্যও রয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
গত শুক্রবার থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানে দিনাজপুরে প্রথম দফায় ৬৫ জন এবং দ্বিতীয় দফায় ৬৩ জনকে আটক করা হয়।

ফারুক হোসেন, দিনাজপুর