শ্যামনগরে তুচ্ছ ঘটনায় চার বাড়ি ভাঙচুর
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আগের দিনের মারামারির জেরে সাতক্ষীরার শ্যামনগরের কাশিমারী ইউনিয়নের জয়নগর গ্রামের চারটি পরিবারের বাড়িঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন জয়নগর গ্রামের আবদুল্লাহ। তিনি চাল ব্যবসায়ী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন সরাপ মোল্লা, আজিজুল হক মোল্লা, সবুর মোল্লা ও আইউব মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে. গতকাল শুক্রবার হাট চলাকালে আবদুল্লাহর দোকানে চাল কিনতে যান সরাপ মোল্লা। চাল দাম নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। আজ শনিবার সকালে আবদুল্লাহর নেতৃত্বে ৩০-৪০ জন মিছিল করে মোল্লাবাড়ি ঘেরাও করে। পরে তারা বাড়ির মধ্যে ঢুকে ভাঙচুর করে ও জিনিসপত্র লণ্ডভণ্ড করে। আতঙ্কিত হয়ে চার পরিবারের লোকজন বাড়ির পেছন দিক দিয়ে বেরিয়ে যান।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, খবর পেয়ে দ্রুত তিনি ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই হামলায় ওই একই গ্রামের আবদুস সালাম, জাহাঙ্গীর, আবদুল্লাহ, আজিজুর, আলাউদ্দিন, জিয়াদউদ্দিন, মোশাদ আলীসহ অনেকে অংশ নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরাপ মোল্লা এ ঘটনায় মামলা করেছেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা