রাজশাহীতে ডাকাত সন্দেহে মাইক্রোবাসসহ আটক ১০
রাজশাহীতে ডাকাত সন্দেহে মাইক্রোবাসসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরীর উপকণ্ঠ বায়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার দাবি করা হয়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বায়াবাজার পুলিশ ফাঁড়ি গোপন সূত্রে জানতে পারে শাহ মখদুম থানার বিরস্তইল ব্র্যাক স্কুলের পাশে নাসিমা বেগমের বাড়িতে সমবেত হয়ে কিছু যুবক ডাকাতির পরিকল্পনা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় অনেক লোক সমবেত হয়ে বাড়িটি ঘেরাও করে রেখেছে। পুলিশ উপস্থিত লোকজনের সহায়তায় বাড়িতে প্রবেশ করলে ডাকাতদল পালানোর চেষ্টা করে। পুলিশ এ সময় নারীসহ ১০ জনকে আটক করে।
আটকরা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাইলাভাঙ্গা গ্রামের সুজন কর্মকার (২০), আল-মাহমুদ (২৬), একই উপজেলার জালমাছমারি গ্রামের জনিউল ইসলাম জনি (২৪), সাবেক লাভাঙ্গা গ্রামের মমিনুল ইসলাম রনি (২৫), রবিউল ইসলাম ওরফে সান্টু (২৭), চৌধুরীপাড়া গ্রামের কুরবান আলী দোয়েল (২৪), তুষার (৩২), মাসুদ রানা মাসুদ (২১), ওমর ফারুক জাহিদ (২২) এবং রাজশাহী নগরীর শাহ মখদুম থানার বিরস্তইল ব্র্যাক স্কুলের পাশের নাসিমা বেগম (৩৫)।
আটককৃতদের বরাত দিয়ে পুলিশ আরো দাবি করে, তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাস নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে নাসিমা বেগমের বাড়িতে সমবেত হয়েছিল। পুলিশ তাদের সঙ্গে থাকা একটি মাইক্রোবাস ও দেশীয় কিছু অস্ত্র জব্দ করেছে।
এ ঘটনায় বায়াবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তাসবীর হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় মামলা দায়ের করেছেন। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শ. ম সাজু, রাজশাহী