ফরিদপুরে মোটরসাইকেলচাপায় কলেজছাত্র নিহত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মোটরসাইকেলচাপায় বাইসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের শুকুরহাটা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. রহমত খান (২৪) উপজেলার টিটা গ্রামের মো. দাউদ আলী খানের ছেলে। তিনি আলফাডাঙ্গা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
নিহতের স্বজনরা জানায়, রহমত বাইসাইকেলে করে সকালে মাঠে কৃষকদের খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে শুকুরহাটা কমিউনিটি ক্লিনিকের সামনে পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল রহমতকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
এ সময় মোটরসাইকেলচালক শহীদ মুন্সি পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত রহমতকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই জরুরি বিভাগের চিকিৎসক রহমতকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের মামা সলেমান মুন্সি আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন উপজেলার মালাগ্রামের মো. খোকা মুন্সির ছেলে মোটরসাইকে চালক শহীদ মুন্সির বিরুদ্ধে।
আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক মো.খলিলুর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সঞ্জিব দাস, ফরিদপুর