মোটরসাইকেলকে মাইক্রোর ধাক্কা, এএসআই নিহত
চট্টগ্রামে ইপিজেড এলাকায় গতকাল রাতে মাইক্রোবাসের ধাক্কায় রূপম কান্তি নাথ নামের এক এএসআই নিহত হয়েছেন। তাঁর লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুরোনো ছবি
চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় রূপম কান্তি নাথ নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ১২টার পর শহরের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) এ দুর্ঘটনা ঘটে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে ইপিজেড এলাকায় টহল দিচ্ছিলেন রূপম। মোটরসাইকেলটি ইপিজেড মোড় এলাকায় গেলে পেছন থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রূপম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনায় মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তিনি জানান, এএসআইর লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম