ফরিদপুরে পোলট্রি ব্যবসায়ী ‘হত্যার’ বিচার দাবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পোলট্রি ব্যবসায়ী মো. মহসিন মাতুব্বরকে ‘হত্যার’ বিচার দাবি করেছে তাঁর পরিবার। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছে মহসিনের পরিবার।
আজ বুধবার মহসিনের স্ত্রী কাজল রেখা ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এ সময় তাঁর দুই সন্তান উপস্থিত ছিল।
গত ১৬ মার্চ উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপুটি গ্রামের পোলট্রি ব্যবসায়ী মহসিন মাতুব্বরের খামারে আগুন লাগে। খামারে ঘুমিয়ে থাকা মহসিন ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান। মহসিনের স্ত্রী কাজল রেখা দাবি করেছেন, তাঁর স্বামী মহসিনকে হত্যা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজল রেখা জানান, নিজ খামারে মহসিন মাতুব্বর ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যাণ। অথচ মৃত অবস্থায় মহসিনের হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ভাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হলে পরে বিষয়টি হত্যাকাণ্ড বলে সন্দেহ হওয়ায় গত ৩ এপ্রিল কাজল রেখা বাদী হয়ে আদালতে মামলা করেন। এ সময় তিনজনকে আসামি করা হয়।
কাজল রেখা জানান, আদালত ভাঙ্গা থানাকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশনা দিলেও গত ৭ জুন পর্যন্ত আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করেনি বা কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
কাজল রেখা অভিযোগ করে বলেন, ‘ওই মামলার আসামি রানী বেগম, আজিজুল ও রজন মামলাটি তুলে নিতে প্রতিদিন হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে পরিবারের অন্য সদস্যদেরও মহসিনের মতো একই পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন উল্লেখ করে কাজলরেখা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গা থানার উপপরিদর্শক(এসআই) মো. মোজাফফর হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় মামলাটির তদন্ত নিয়ে খুব বেশি অগ্রসর হতে পারিনি। তবে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সঞ্জিব দাস, ফরিদপুর