সাতক্ষীরায় ৭ শিশুসহ ১৫ রোহিঙ্গা আটক
সাতক্ষীরায় সাত শিশুসহ ১৫ জন রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়েছে। চিংড়ি কারখানায় চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম থেকে তাদের সাতক্ষীরায় পাঠানো হয় বলে আটককৃতরা জানিয়েছে।
আজ বুধবার সাতক্ষীরা শহরের অদূরে বেনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকা থেকে ওই ১৫ জনকে আটক করা হয়। আটককৃতরা জানিয়েছে, তারা চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় থাকে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, চট্টগ্রাম থেকে সৌদি পরিবহনের একটি বাস থেকে আটককৃতরা বুধবার সকালে শহরের অদুরে বেনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকায় নামে। কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতদের মধ্যে খালেদুর রহমান নামে একজন রোহিঙ্গা দালাল আছে বলে জানান ওসি এমদাদ শেখ।
আটক ব্যক্তিদের একজন আনিসুর রহমান জানান, দালাল খালেদুর রহমান সাতক্ষীরায় চিংড়ি কারখানায় কাজ দেওয়ার নাম করে নিয়ে এসেছে। সাতক্ষীরার হাসান নামের এক ব্যক্তি তাদের কাজ দেবে বলে জানায়।
ওসি এমদাদ শেখ আরো জানান, আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা