সালথায় আ. লীগ বিদ্রোহী প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার সাইফুর রহমান শাহীনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে খন্দকার সাইফুর রহমান শাহীন সাংবাদিকদের জানান, গত শুক্র ও শনিবার তাঁর একাধিক নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ জন্য আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম ও তাঁর সমর্থকদের দায়ী করেন শাহীন।
বাউসখালী বাজারের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে আড়াই শতাধিক চেয়ার ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে দাবি করেন শাহীন। তিনি আরো দাবি করেন, এ সময় তাঁর পাঁচ কর্মীকেও পিটিয়ে আহত করা হয়। এ ছাড়া ওই এলাকায় তাঁর অর্ধশত সমর্থকের বাড়িঘরেও হামলা চালানো হয়।
এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন। তিনি আরো জানান, যেখানেই নির্বাচনী প্রচারে যাচ্ছেন সেখানেই তাঁকে বাঁধা ও হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে কথা বলার জন্য আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সঞ্জিব দাস, ফরিদপুর