বিজিবি -বিএসএফের পতাকা বৈঠক চলছে
দুই দেশের অমীমাংসিত কয়েকটি বিষয় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি বিএসএফ ক্যাম্পে দিনব্যাপী বৈঠকটি শুরু হয়।
এর আগে হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধিদল ভারতে প্রবেশ করলে ভারতের রায়গঞ্জ বিএসএফ সেক্টরের উপমহাপরিদর্শক (ডিআইজি) জর্জ মঞ্জুরাল তাঁদের অভ্যর্থনা জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি মঞ্জুরাল। এ ছাড়া বৈঠকে উপস্থিত আছেন উভয় বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডাররা।
ভারতে প্রবেশের আগে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, ‘রায়গঞ্জের ডিআইজির সঙ্গে আমরা একটা সমন্বয় সভা করতে যাচ্ছি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে র এটা আরেকটা উদাহরণ। খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হই। মাঠপর্যায়ে আমাদের যে সীমান্ত সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করার জন্য আমরা একসঙ্গে কাজ করি। আপনারা জানেন, বর্ডার কিলিং এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। বর্ডার কিলিং বলতে আর আমাদের দিনাজপুরে কিছু নেই।’
যোগাযোগ করা হলে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জমিজমা সংক্রান্ত এবং সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয়সহ উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

জাহিদুল ইসলাম, হিলি