ফরিদপুরে ‘র্যাবের পোশাকে’ চালবোঝাই ট্রাক ছিনতাই
ফরিদপুর শহরতলীর বাখুণ্ডা এলাকায় চালবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাইক্রোবাস দিয়ে সড়কে ব্যারিকেড তৈরি করে ট্রাকটি ছিনতাই করা হয়। চালক জাহাঙ্গীর আলম ও সহকারী শহিদ মোল্লাকে হাত-পা বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা। ছিনতাইকারীরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পোশাক পরে ছিল বলে তাঁরা জানান।
ট্রাকের চালক জাহাঙ্গীর আলম জানান, রাজশাহী থেকে ১৮ টন চাল নিয়ে তিনি শরীয়তপুরে যাচ্ছিলেন। পথে ফরিদপুরের বাখুণ্ডা এলাকায় ট্রাকটিকে থামানো হয়। মাইক্রোবাস থেকে ১০-১২ জন ট্রাকে তল্লাশির নাম করে তাদের হাত-পা বেঁধে ফেলে। তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর দুর্বৃত্তরা ট্রাকভর্তি চাল নিয়ে চলে যায়। তারা চালক ও সহকারীকে বরিশাল জেলার উজিরপুরে ফেলে চলে যায়। ভোরে মারাত্মক অসুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর তাঁরা ফরিদপুর কোতোয়ালি থানায় এসে মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, চালবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।

সঞ্জিব দাস, ফরিদপুর