মংলায় আট দোকানমালিককে জরিমানা
মংলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ফুটপাত দখল করে মালামাল রাখা এবং অবৈধ কারেন্ট জাল বেচাকেনার অভিযোগে আট দোকানমালিককে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড এলাকার সাগরিকা হোটেলের মালিককে ১০ হাজার, সুমি হোটেলের মালিককে পাঁচ হাজার ও নয়ন হোটেলের মালিককে পাঁচ হাজার টাকা নগদ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় তিন হোটেলমালিককে এ জরিমানা করা হয়েছে। হোটেলগুলোতে খাবার না ঢেকে খোলা অবস্থায় রাখা হয়েছে, তাতে ধুলা-বালি ও মাছি পড়ছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এ ছাড়া মঙ্গলবার দুপুরে শহরের শেখ আ. হাই সড়কের ফুটপাত দখল করে মালামাল রাখা ও বিক্রিসহ অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে সাড়ে আট হাজার টাকা নগদ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স জানান, মূলত জনস্বার্থে ও জনসচেতনতা সৃষ্টির জন্যই এ অভিযান পরিচালনা করা হচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

আবু হোসাইন সুমন, মোংলা