ফরিদপুরে ‘হাসামদিয়া গণহত্যা’ দিবস পালিত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়ায় ‘হাসামদিয়া গণহত্যা’ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুর ১২টায় ৩৩ শহীদ পরিবারের সদস্যরা শহীদদের স্মৃতির নামফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করা হয়।
পরে শাহ জাফর টেকনিক্যাল কলেজের হলরুমে স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণসভায় বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।
এ সময় জেলা মুজিব বাহিনীর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার আলহাজ নূর মোহাম্মদ বাবুল বক্তব্য দেন।
১৯৭১ সালের ১৬ মে তিন শতাধিক পাকিস্তানি সেনার একটি বহর রেলে করে ফরিদপুরের বোয়ালমারী স্টেশনে নেমে উপজেলার হাসামদিয়া এলাকায় আসে। এ সময় তারা মুজিব বাহিনীর ফরিদপুর জেলা কমান্ডার শাহ মো. আবু জাফর ও তাঁর পরিবারের সদস্যদের খুঁজতে থাকে। তাদের না পেয়ে পাকিস্তানি বাহিনীর দোসর, স্থানীয় রাজাকারদের সহযোগিতায় হাসামদিয়া, রাজাপুর, ময়েনদিয়া রাজাবেনি মিঠাপুর পোয়াইলসহ কয়েকটি গ্রামের ৩৩ জন নিরীহ গ্রামবাসীকে গুলি হত্যা করে। আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় অর্ধ শতাধিক ঘরবাড়িসহ স্থানীয় ময়েনদিয়া বাজারের ৫০টির বেশি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

সঞ্জিব দাস, ফরিদপুর