সরকার সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে আছে
ফরিদপুর সদর থানা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল রোববার দুপুরে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু।
থানা যুবদলের সভাপতি নাজমুল হাসান চৌধুরী রঞ্জনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি এ কে এম কাইয়ুম জঙ্গি, মো. জাফর হোসেন বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, সহসভাপতি এ বি সিদ্দিকী মিতুল, জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, সিন্দাবাদের ভূতের মতো জাতির ঘাড়ে চেপে বসা এ সরকারের অগণতান্ত্রিক আচরণ বন্ধ করতে আন্দোলনের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি মাহবুবুল হাসান পিঙ্কু বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।
সম্মেলনের উদ্বোধন পর্বের পর রাতে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা আগামী দুই বছরের জন্য সদর থানার নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

সঞ্জিব দাস, ফরিদপুর