সাতক্ষীরায় ট্রাকচাপায় সাইকেলচালক নিহত
সাতক্ষীরা-যশোর সড়কের বিনেরপোতা এলাকায় আজ শুক্রবার দুপুরে ট্রাকচাপায় একজন সাইকেলচালক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, সাইকেলচালক সুবোধ বিশ্বাস (৫৩) সাতক্ষীরা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নিহত হন সুবোধ।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি তালা উপজেলার ঝড়গাছা গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা