যশোরে শিশু হত্যায় সৎমায়ের ফাঁসি
যশোরের ঝিকরগাছায় শিশু রাব্বি হত্যার দায়ে সৎমাকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা) আদালতের বিচারক নিতাই চন্দ্র রায় এ দণ্ডাদেশ দেন। দণ্ড পাওয়া আসামি বিলকিস বেগম পলাতক।
বিশেষ আদালতের প্রসিকিউটর (পিপি) বদরুজ্জামান পলাশ জানান, ২০০৯ সালের ১৪ অক্টোবর যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামে সৎমা বিলকিস বেগম ভাতের সঙ্গে কীটনাশক মিশিয়ে সাত বছরের শিশু রাব্বিকে হত্যা করেন। এ ঘটনায় রাব্বির চাচা মোমিনুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ২০১০ সালের ৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দেন। একই বছরের ৮ সেপ্টেম্বর বিলকিস বেগম জামিন নিয়ে কারাগার থেকে মুক্ত হন। ২০১১ সালের ৪ জুলাই আদালতে এ মামলার চার্জ গঠনের পর তিনি পালিয়ে যান।
আইনজীবী পলাশ জানান, ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের ভ্যানচালক আয়াতুল্লাহ খোমেনির ছেলে রাব্বি। রাব্বির সাত বছর বয়সে তাঁর মা রোকসানা ওই সংসার ছেড়ে চলে যান। পরে রাব্বির বাবা বিলকিস বেগমকে বিয়ে করেন। এর পর থেকেই বিলকিস রাব্বির ওপর নির্যাতন করতেন। ঘটনার দিন বিলকিস রাব্বিকে ভাত খাওয়ানোর কথা বলে তাঁর ঘরে নিয়ে যান। ভাত খাওয়ার পরপরই সে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশের কাছে বিলকিস স্বীকার করেন, ভাতের সঙ্গে ফুরাডন কীটনাশক মিশিয়েছিলেন তিনি।

সাইফুল ইসলাম সজল, যশোর