আ. লীগের বিরুদ্ধে জেপি প্রার্থীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপা গাড়াগঞ্জ বাজারে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাবলুর মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটে ভাঙচুর করা হয়েছে। বাবলু এ ঘটনার জন্য আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাব্দার হোসেন মোল্লার সমর্থকদের দায়ী করেছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম। এ ঘটনার পর রাত ৭টার দিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, উপজেলার ওমেদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাব্দার হোসেনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলায় অংশ নেয়। হামলাকারীরা চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাবলুর মালিকানাধীন ভবনের সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভাঙচুর করে। এ সময় তারা বাজারের আতিয়ার রহমান নামের এক ব্যক্তির কীটনাশক বিক্রির দোকান ভাঙচুর করা হয়।
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার সময় চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাবলু তাঁর লাইসেন্স করা পিস্তল তিনটি ফাঁকা গুলি ছুড়েন।
চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বাবুল অভিযোগ করেন, আজ দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এরপর তিনি বিকেল সাড়ে ৫টার দিকে গাড়াগঞ্জ বাজারে নিজের কার্যালয়ে আসেন।
এ সময় হঠাৎ করে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাব্দার হোসেন মোল্লার কয়েকশ সমর্থক সেখানে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা ফিরে যাওয়ার সময় দলীয় স্লোগান দিতে দিতে এলাকা ছেড়ে যায়।
সোনালী ব্যাংক গাড়াগঞ্জ শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ইটপাটকেল নিক্ষেপের সময় ব্যাংকের ভিতরে তাঁরা জিম্মি হয়ে পড়েন। এ সময় তাঁরা কেউ কেউ বাথরুমে আশ্রয় নেন। তবে এ হামলার ফলে ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি ।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী সাব্দার হোসেনের ছেলে শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা জানান, সমর্থকরা নৌকার পক্ষে গাড়াগঞ্জ বাজারে মিছিল বের করলে জেপির কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হন।

মিজানুর রহমান, ঝিনাইদহ