গাছ থেকে পড়ে আহত রাবি শিক্ষার্থীর মৃত্যু
গাছ থেকে পড়ে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী জার্জিস হোসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তিনি মারা যান।
জার্জিস হোসেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগস্বী গ্রামের আবদুস সামাদের ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার ও বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
সমাজকর্ম বিভাগের সভাপতি ড. মো. ছাদেকুল আরেফিন মাতিন জানান, ১০ দিন চিকিৎসাধীন থাকার পর জার্জিসের মৃত্য হয়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মজসিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তাঁর লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৪টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
জার্জিসের সহপাঠী অনুজ কুমার মণ্ডল বলেন, ‘আমরা একসঙ্গে প্রথম বর্ষে ভর্তি হই। সে ছিল সহজ-সরল ও শান্ত স্বভাবের। বিভাগের যেকোনো অনুষ্ঠানে সে সক্রিয় ভূমিকা পালন করত। সে ছিল তাঁর পরিবারের একমাত্র অবলম্বন। আমরা তাঁর মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না।’
সহপাঠীরা জানান, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে শহীদ হবিবুর রহমান হলের সামনের ডাব পাড়ার জন্য গাছে ওঠেন জার্জিস। এ সময় গাছ থেকে পড়ে গেলে তাঁর দুই পা ভেঙে যায় এবং মাথায় বড় ক্ষতের সৃষ্টি হয়। জরুরি অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।
কিন্তু আইসিইউতে সিট ফাঁকা না থাকায় জার্জিসকে রাজশাহী বনপাড়ার আমেনা হাসপাতালে পাঠানো হয়। সেখানে জার্জিস আইসিইউতে ভর্তি ছিলেন। কয়েক দিন পর রামেকের আইসিইউতে সিট ফাঁকা হলে তাঁকে সেখানে নিয়ে আসা হয় এবং সেখানে আজ সকালে তিনি মারা যান।

রাবি সংবাদদাতা