রাতে মায়ের সঙ্গে ঘুমাল ভাইবোন, সকালে মিলল লাশ
ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।
আজ সোমবার দুপুরে উপজেলার চরবাগাট গ্রাম থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শিশুরা হলো গ্রামের আবদুল্লাহ আল-মামুনের ছেলে জাহেদ বিন আবদুল্লাহ ওরফে তকি মোল্লা (৫) ও ছয় মাস বয়সী মেয়ে তাহেরা আক্তার। তাদের দাদা বাগাট বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী মোল্লা। শিশুদের বাবা আবদুল্লাহ আল-মামুন তাঁর মাকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।
শিশু দুটির পরিবারের বরাত দিয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন জানান, আবদুল্লাহ আল-মামুনের স্ত্রী তাসলিমা বেগম প্রতিদিনের মতো গতকাল রোববার রাতে তকি ও তাহেরাকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে শিশু দুটিকে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই।

সঞ্জিব দাস, ফরিদপুর