কুড়িগ্রাম সীমান্ত থেকে ভারতীয় মাদক জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিল ও সাত কেজি গাজা জব্দ করে বিজিবি। ছবি : এনটিভি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল সীমান্ত থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭ কেজি গাজা জব্দ করেছে বিজিবি।
বিজিবির ৪৫ ব্যাটালিয়ন কুড়িগ্রামের গোরকমণ্ডল বিওপির হাবিলদার মো. ফিরোজ আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে মেইন পিলার ৯২৯ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর গোরকমণ্ডল নামক স্থানে অবস্থান নেয়। পরে একজন লোক মাথায় বস্তা নিয়ে ওই স্থানে আসার পর টহল দলকে দেখামাত্রই বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবির টহল দল ১০০ বোতল ফেনসিডিল ও সাত কেজি ভারতীয় গাজা জব্দ করে।
কুড়িগ্রামে ৪৫ বিজিবির পরিচালক মো. জাকির হোসেন জানান, জব্দ করা মাদকদ্রব্যের মূল্য ৬৪ হাজার ৫০০ টাকা। জব্দ করা ফেনসিডিল ও গাজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম