রাজশাহী মাদক রাখার দায়ে তিনজনের সাজা
রাজশাহীতে মাদকদ্রব্য আইনে দায়ের করা দুটি পৃথক মামলায় দুজনের যাবজ্জীবন ও একজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, মহানগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা তারেক (৩২) ও একই থানার কাঁঠালবাড়িয়া এলাকার হাসান আলী (৪২)। পাঁচ বছর সশ্রম সাজাপ্রাপ্ত আসামি হলেন, জেলার পবা উপজেলার বড়ইকুড়ি এলাকার সাইফুল ইসলাম (২৭)।
রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচবছর সাজাপ্রাপ্ত আসামিকে এক হাজার টাকা অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একটি মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামি হাসান আলীকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে গোদাগাড়ী থানা পুলিশ। পরে হাসানকে জিজ্ঞাসাবাদ করে হেরোইনের মালিক তারেককে আটক করে পুলিশ। আটক দুজনকে আসামি করে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
অপর মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৯ জুন পাঁচবছর সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে গোদাগাড়ী উপজেলার সরমংলা এলাকা থেকে ১২০টি ইয়াবা বড়িসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা করেন।

শ. ম সাজু, রাজশাহী