এখন পর্যন্ত মেয়র পদে ৫০ জন, আছেন মাহীও
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে এবং বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মাহী বি চৌধুরীর পক্ষে তাঁর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তবে নির্বাচন করার ব্যাপারে আগামী শুক্রবার মাহী বি চৌধুরী তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সরোয়ার মোর্শেদ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ছুটির দিন হলেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় খোলা ছিল। আজ ঢাকা উত্তর থেকে মাত্র একজন মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন। তবে ঢাকা দক্ষিণের জন্য আজ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ঢাকা উত্তর ও দক্ষিণ মিলে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৫০ জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা উত্তর থেকে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিল পদে এ পর্যন্ত ৭৯১ জন মনোনয়নপত্র নিয়েছেন। ঢাকা দক্ষিণ থেকে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিল পদে এক হাজার ৯৪ জন মনোনয়নপত্র নিয়েছেন।
ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, ‘এখন পর্যন্ত ঢাকা উত্তর থেকে মেয়র পদে ২৩ জন, কাউন্সিলর পদে ৬৩৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর দুজন মেয়র ও নয়জন কাউন্সিলর প্রার্থীকে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের জন্য কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের জবাবের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক