চাঁদা তোলা নিয়ে গাংনীতে শিক্ষকদের দুই পক্ষে হাতাহাতি
চাঁদা তোলা নিয়ে মেহেরপুরের গাংনীতে শিক্ষকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত নয়জন শিক্ষক আহত হয়েছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
একাধিক শিক্ষক জানান, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির লোকজন প্রতিবারের মতো এবারও পরীক্ষার প্রশ্নপত্রের জন্য প্রত্যেক প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা উত্তোলন করছেন। সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজা ও সম্পাদক মাজহারুল ইসলাম এ টাকা উত্তোলন করার সময়ে আজ বিকেলে গাংনী উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আকতারুজ্জামান বকুল ও সম্পাদক রকিব তাঁদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে শিক্ষকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে আহত হন গাংনী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজা, সম্পাদক মাজহারুল ইসলাম, মুক্তি ও তারেক এবং সহকারী শিক্ষক সমিতির সভাপতি আকতারুজ্জামান বকুল, সম্পাদক রকিব, সেলিম ও ইমরান। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন গাংনী ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল ইসলাম।
গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজা বলেন, ‘সবার সম্মতিতে প্রতি সেট প্রশ্ন থেকে এক টাকা করে উত্তোলন করা হচ্ছিল। কিন্তু কয়েকজন শিক্ষক অবৈধ সমিতির নামে টাকা উত্তোলন করতে গেলে বাধা দেওয়া হয়। এ সময় তাঁরা হামলা চালিয়ে আমাদের আহত করে।’
চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রকিব বলেন, ‘শিক্ষক সমিতির নামে অবৈধভাবে প্রতি সেট প্রশ্নপত্র থেকে এক টাকা হারে চাঁদা উত্তোলন করা হচ্ছিল। সাধারণ শিক্ষকরা চাঁদা উত্তোলনের বিরোধিতা করলে আমাদের ওপর হামলা চালান শিক্ষক সমিতির নেতাকর্মীরা।’
গাংনী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এহসানুল হাবিব বলেন, সরকারি নিয়ম অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রশ্নপত্রের টাকা নিচ্ছে। যেহেতু ঘটনাটি বাইরে ঘটেছে সেহেতু তাঁর কিছুই বলার নেই।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর