মাদারীপুরে হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পশ্চিমপাড় এলাকা থেকে অপূর্ব কৃত্তনিয়া (২৭) নামের এক হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আমগ্রাম পশ্চিমপাড় এলাকার নরেন্দ্র কৃত্তনিয়ার ছেলে অপূর্ব কৃত্তনিয়া মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এর পর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। আজ বুধবার সকালে বাড়ির অদূরে পরিত্যক্ত ভিটার একটি ছোট মেহগনিগাছের সঙ্গে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ অপূর্বর লাশ উদ্ধার করে। অপূর্ব ইশিবপুর বাজারে হোমিও ফার্মেসি খুলে চিকিৎসক হিসেবে সেবা দিতেন।
অপূর্বর বাবা নরেন্দ্র কৃত্তনিয়া বলেন, ‘যে গাছের সঙ্গে লাশ পাওয়া গেছে, সেই গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব নয়। কেউ আমার ছেলেকে হত্যা করে গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখেছে।
পাওনা টাকা চাইতে গেলে কয়েক দিন আগে বিষ্ণু আমার ছেলেকে মারধর করেছিল। এ ঘটনায় স্থানীয় সালিশ-মীমাংসায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে। কিন্তু জরিমানার টাকা ও পাওনা টাকা এখনো দেয়নি।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা, বিষয়টি তদন্তের পরে জানা যাবে। এখনো মামলা হয়নি।

এম. আর. মুর্তজা, মাদারীপুর