বিএনপি প্রার্থী ও সমর্থকদের বাড়িঘরে হামলা হচ্ছে
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের বাড়িঘরে প্রতিপক্ষের লোকজন হামলা করছে বলে অভিযোগ করা হয়েছে।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান। এ সময় তিনি আরো অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্যের অনুসারীদের চাপের মুখে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘রাউজানের ১৪টি ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা নিরাপত্তার কারণে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এরপর থেকে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এবং তাঁদের সমর্থক ও প্রস্তাবকের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা শুরু করে।’
এ ঘটনার জন্য রাউজানের সংসদ সদস্য ফজলে করিম ও তাঁর সমর্থকদের দায়ী করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান। তিনি বলেন, গত ১২ এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে বিএনপির সমর্থিত ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ নিয়ে গত ১৫ এপ্রিল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শুনানিকালে সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।
আগামী ৭ এপ্রিল এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম