জয়পুরহাট চিনিকলে আখের ছোবড়ার স্তূপে আগুন
জয়পুরহাট সুগার মিলের আখের ছোবড়ার (ব্যাগাস) স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের দাবি, এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে মিলটি।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুগার মিলের ফ্যাক্টরির পাশে বয়লারের কিছু দূরে রাখা আখের ছোবড়ার স্তূপে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়পুরহাট জেলা শহর ও পাঁচবিবি উপজেলা সদরের তিনটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জাহানুর ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় চিনিকলের আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিকদের সিগারেটের ফেলে দেওয়া আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আগুনের কারণ ও প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট