কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় নাসির মিয়া নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ। আজ সোমবার দুপুরের পর উপজেলার একবালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, একবালিয়া এলাকার মানিক মিয়ার ছেলে নাসির মিয়ার সঙ্গে মাদক ও পাওনা টাকা নিয়ে একই এলাকার এনা, মাইকেলসহ বেশ কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে আজ দুপুর আড়াইটার দিকে ১০-১৫ জনের একটি দল নাসিরের বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারীরা নাসির, তাঁর বাবা মানিক মিয়াসহ পরিবারের অন্য সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় নাসিরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হামলায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা