উল্টে পড়া গাড়ি তল্লাশি করে মিলল ফেনসিডিল, নিহত এক
সাতক্ষীরায় আজ সোমবার ভোরে এই পাজেরো গাড়িটি উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি : এনটিভি
সাতক্ষীরায় একটি গাড়ি উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গাড়িটি তল্লাশি করে নয়টি বস্তাভর্তি ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সোমবার ভোরে লাবসা এলাকায় দ্রুতবেগে চলার সময় হঠাৎ একটি পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১১-৯২৬৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে গাড়ির আরোহী ঘটনাস্থলেই মারা যান।
পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইনামুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। উল্টে পড়া গাড়িটি তল্লাশি করে নয় বস্তাভর্তি ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে গাড়িতে থাকা নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন চোরাচালানি।
এদিকে, দুর্ঘটনার পরই গাড়ির চালক পালিয়ে গেছে। নিহত ব্যক্তির পরিচয় জানতে কাজ শুরু হয়েছে বলেও চানান ইনামুল হক।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা