ফরিদপুরে প্রধান শিক্ষককে গ্রেপ্তার দাবিতে আ. লীগের বিক্ষোভ
ফরিদপুরের নগরকান্দার এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সরকারি গাছ চুরির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ।
আজ রোববার দুপুরে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমএন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নগরকান্দা পৌরসভার মেয়র রায়হান উদ্দিন মিয়া, নগরকান্দা পৌর যুবলীগের সভাপতি নিমাই সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার প্রমুখ।
বক্তারা সরকারি গাছ চুরি করার অভিযোগে এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর পদ থেকে বহিষ্কার এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান প্রশাসনের কাছে।

গাছ চুরি করার অভিযোগে এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ জানান, খাস জায়গা থেকে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা করা হয়েছে। গাছ চুরির সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর