বোয়ালমারীতে জমি নিয়ে দ্বন্দ্ব, আহত বৃদ্ধার মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে জমিজমা ও গাছ কাটা নিয়ে দুই পরিবারের দ্বন্দ্বে আহত শতবর্ষী রহিমা বেগম মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত শুক্রবার রাতে নিহতের ছেলে নুরু মোল্লা ও তাঁর মামা ওহাব মোল্লার মধ্যে সংঘর্ষের সময় ওহাব মোল্লার পক্ষের লোকজনের লাঠির আঘাতে রহিমা বেগম গুরুতর জখম হন। প্রথমে তাঁকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রহিমার ছেলে নুরু মোল্লা বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় বাড়ির জমিজমা নিয়ে মামা ওহাব মোল্লার পরিবারের নারীদের সঙ্গে আমার বাড়ির নারীদের হাতাহাতি হয়। এ সময় আমার মা গুরুতর আহত হন।’
মামলা প্রসঙ্গে নুরু মোল্লা বলেন, সংঘর্ষের ঘটনায় পান্নু মোল্লাকে প্রধান আসামি করে শনিবার একটি লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়। আজ রোববার দুপুরে লাশ দাফনের পরে থানায় নতুন করে অভিযোগ দেওয়া হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর