নাশকতার মামলায় গণফোরাম নেতা গ্রেপ্তার
নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার মামুনুর রশিদকে শহরের কাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরার ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, মামুনুর ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় ইসলামী ছাত্রশিবিরের নেতা ছিলেন। চাকরিজীবনে তিনি জামায়াতের রাজনীতিতে জড়িয়ে পড়েন।
এরপর মামুনুর রশীদ দল বদল করে প্রথমে জাতীয় পার্টিতে যোগ দেন এবং জেলা কমিটির একটি পদ বাগিয়ে নেন। সেখান থেকে পদত্যাগ করে মামুনুর রশীদ গত ২১ নভেম্বর গণফোরামে যোগ দেন। সম্প্রতি ড. কামাল হোসেনের উপস্থিতিতে গণফোরামের সম্মেলনে মামুনুর জেলা সভাপতি নির্বাচিত হন।
ওসি আরো জানান, দল পরিবর্তনের পরও মামুনুর রশীদ জামায়াত-শিবিরের সঙ্গে গোপন সম্পর্ক রেখে জেলায় বিভিন্ন নাশকতার নেতৃত্ব দেন। গত ফেব্রুয়ারিতে শহরের ঘোষপাড়ায় নাশকতার জন্য মামুনুরের নেতৃত্বে একদল শিবির সদস্য জড়ো হন। তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এর পর থেকে মামুনুর রশীদ পলাতক ছিলেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা