আ. লীগ নেতার বাধায় সওজের অভিযান স্থগিত!
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথের (সওজ) জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান আগামী রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছাম্মত ইশরাত জাহানের নেতৃত্বে পুলিশ সঙ্গে নিয়ে সওজের কর্মকর্তারা এই অভিযান চালান।
সওজ মানিকগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মো. গাউস-উল-হাসান মারুফ জানিয়েছেন, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান উচ্ছেদ অভিযানে বাধা দিলে আগামী রোববার পর্যন্ত তা স্থগিত করা হয়।
গাউস-উল-হাসান জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত দুই পাশের সওজের জায়গা থেকে দখলদারদের উচ্ছেদ অভিযান চালানো হয়। এ কারণে এরই মধ্যে দখলদারদের চিহ্নিত করে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ করা হয়। সওজের পক্ষ থেকে মাইকিং করেও অবগত করা হয়েছে এই দখলদারদের। গতকাল বুধবার সফলভাবে গোলড়া এলাকায় ১ নম্বর থেকে ২৭ নম্বর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।
গাউস-উল-হাসান আরো জানান, দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সঙ্গে নিয়ে সওজ ২৮ নম্বর থেকে ৫০ নম্বর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায়। এতে ছোট-বড় পাকাসহ দ্বিতল ভবনও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। মানিকগঞ্জ বাস টার্মিনালের পাশের স্থাপনাগুলো উচ্ছেদ করতে গেলে আওয়ামী লীগ নেতা মোনায়েম খান এসে বাধা দেন। মানিকগঞ্জ পৌরসভার কাছ থেকে বন্দোবস্ত নিয়ে এই স্থাপনাগুলো তুলেছেন বলে কাগজপত্র দেখান মোনায়েম খান। সওজ কর্মকর্তারা জায়গাটি সওজের, পৌরসভা কাউকে বন্দোবস্ত দিতে পারে না বললে তাঁর সঙ্গে কথাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।
আগামী রোববারের মধ্যে এ বিষয়ে পৌরসভার মেয়রকে নিয়ে বসে মীমাংসা করার তাঁকে সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে সমাধান না হলে আগামী সোমবার আবার উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান মো. গাউস-উল-হাসান মারুফ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান সাংবাদিকদের জানান, পৌরসভার সাবেক মেয়র রমজান আলী এই জায়গা বন্দোবস্ত দেওয়ায় অনেকে স্থাপনা তুলে ব্যবসা-বাণিজ্য করছেন। বন্দোবস্তের শর্ত ভেঙে এভাবে উচ্ছেদ অভিযান চালানো দুঃখজনক। বিষয়টি নিয়ে বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সঙ্গে আলাপ-আলোচনা করে সমাধান করা হবে বলেও জানান তিনি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ