মানিকগঞ্জে ‘হেরোইনসহ’ ব্যবসায়ী আটক
মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়ক থেকে ৫৬ পুরিয়া হেরোইনসহ মো. সেন্টু মিয়া শান্ত (২৭) নামের একজনকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শান্তর বাড়ি শহরের পশ্চিম দাশড়া এলাকায়।
মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, শান্ত হেরোইনের ব্যবসায়ী। জেলার বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি ও সরবরাহ করেন তিনি। এ কারণে বিকেল ৫টার দিকে ১১৩ নম্বর শহীদ রফিক সড়কে অভিযান চালানো হয়। এ সময় শান্তকে তল্লাশি করে ৫৬টি পুরিয়ায় প্রায় আট গ্রাম হেরোইন পাওয়া যায়। এ পরিমাণ হেরোইনের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। এই হেরোইন জব্দ করে তাঁকে আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টের পেয়ে শান্তর এক সহযোগী পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় হেরোইনসহ শান্তকে হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সাইফুল ইসলাম।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ