মানিকগঞ্জে গুলি-রিভলবারসহ একজন আটক
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধূসর কালীবাড়ি এলাকা থেকে চারটি গুলি ও রিভলবারসহ আফসার আলী বেপারী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্রসহ তাঁকে আটক করে র্যাব ৪-এর একটি দল।
আফসারের বাড়ি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামে। তাঁর বাবা প্রয়াত পরাণ বেপারী।
র্যাব ৪-এর মেজর মাসুদুর রহমান জানান, আফসার অস্ত্র ব্যবসা, ভাড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণে তাঁরই (মাসুদুর) নেতৃত্বে র্যাব-৪-এর একটি দল বেলা পৌনে ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালান। এ সময় ব্যাগ হাতে নিয়ে জাফরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন আফসার। এই ব্যাগ তল্লাশি করে গুলি ও রিভলবার পাওয়া যায়। এগুলো জব্দ ও তাঁকে আটক করা হয়েছে।
মেজর মাসুদ জানান, আফসারকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব ৪-এর ক্যাম্পে নেওয়া হচ্ছে। তাঁর কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেলে অভিযান চালিয়ে সহযোগীদের গ্রেপ্তার করা হবে। আর জিজ্ঞাসাবাদ শেষে শিবালয় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাঁকে হস্তান্তর করা হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ