ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে একজন নিহত
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে আমজাদ হোসেন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেনের বাড়ি একই ইউনিয়নের ছোনপচা গ্রামে।
পুলিশের দাবি, সংঘর্ষে জড়িতরা ডাকাত দলের সদস্য। নিহত আমজাদ হোসেন ডাকাত দলের সর্দার।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, রাতে ইটভাটা এলাকায় দুদল ডাকাতের মধ্যে গুলিবিনিময় হয়। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে ডাকাত সর্দার আমজাদ হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এ সময় লাশের কাছ থেকে একটি পিস্তল ও দুটি গুলি জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য আমজাদ হোসেনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি আরো জানান, নিহত আমজাদের নামে ১০টি ডাকাতি ও দুটি হত্যা মামলা রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর