ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাতবোমা উদ্ধার
সাতক্ষীরায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ প্রায় ছয় লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের আনন্দপাড়ায় এ ঘটনা ঘটে।
গৃহকর্তা সুকুমার সরকার বলেন, ‘ডাকাতরা আমাদের সবাইকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তারা সব মোবাইল ফোনও কেড়ে নিয়ে যায়।’
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, গতকাল দিবাগত রাতে ১০ থেকে ১২ জনের একদল অস্ত্রশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে সুকুমার সরকারের ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা গৃহকর্তাসহ অন্যদের রশি দিয়ে বেঁধে ফেলে। পরে চাবি নিয়ে আলমারি খুলে স্বর্ণালংকার- টাকাসহ বিভিন্ন জিনিস লুট করে।
ওসি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতবোমা উদ্ধার করা হয়। বোমাটি বিস্ফোরণ না ঘটিয়ে ডাকাতরা ফেলে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা