মুরাদনগরে বজ্রপাতে নিহত ২, আহত ৭
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাখননগর গ্রামে নিউ এইচএসবিসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মকলেসপুর গ্রামের দিলু মিয়ার ছেলে মো. আলী (৩৫), একই গ্রামের বাছির মিয়ার ছেলে আল আমিন (২৫)।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন নিউ এইচএসবিসি ইটভাটার স্টাফ কোয়ার্টারে ২৫ শ্রমিক অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে কক্ষে থাকা ৯ শ্রমিক আহত হন।
অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনসুর উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা