জয়পুরহাটে হামলায় আহত ওমরের মৃত্যু
জয়পুরহাট শহরের সবুজ নগর এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ওমর ফারুখ রাফি মারা গেছেন। গতকাল রোববার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
ওমর ফারুখ রাফি জয়পুরহাট শহরের আমতলী মহল্লার অ্যাডভোকেট শামছুল হকের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে একদল সন্ত্রাসী রাফিকে কৌশলে বাড়ি থেকে ডেকে শহরের সবুজ নগর এলাকায় নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত রাফিকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা অ্যাপেলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে ওমর মারা যান। আজ সকালে ওমরের মরদেহ জয়পুরহাট এনে দাফন করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে । এ ব্যাপারে নিহতের বাবা থানায় হত্যা মামলা করেছেন। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট