রৌমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামের রৌমারীতে মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সন্তান জুয়েল আহমেদকে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ও তাঁদের সন্তানরা।
আজ শনিবার দুপুরে রৌমারী মুক্তিযোদ্ধা কমান্ডের ডাকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদের, ডেপুটি কমান্ডার সাহার আলী, নিহত জুয়েল আহমেদের বাবা আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা আজিজার রহমান প্রমুখ।
সাতদিনের মধ্যে জুয়েল আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
ভলিবল খেলাকে কেন্দ্র করে গত ২০ মার্চ রাতে বাড়ি ফেরার সময় রৌমারী উপজেলার দক্ষিণ খঞ্জনমাড়া গ্রামে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। প্রথমে তাঁকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ মার্চ তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় মামলা করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম