বেতনের টাকা না দেওয়ায় স্কুলশিক্ষিকা স্ত্রী খুন!
বেতনের জমানো টাকা না দেওয়ায় নাফিজা খাতুন ময়না নামের এক স্কুলশিক্ষিকাকে (২৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত স্কুলশিক্ষিকার স্বামীর নাম মোখলেছুর রহমান।
আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রতিবেশীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, আলীপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী ময়না বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত স্কুলে শিক্ষকতা করতেন। বুধবার তিনি তাঁর বেতনের সঞ্চিত ৫০ হাজার টাকা দুই মেয়ের নামে ব্যাংকে জমা রাখেন। টাকা স্বামীকে না দিয়ে ব্যাংকে জমা রেখে বাড়ি ফেরার কারণে তাঁর ওপর স্বামী ও শ্বশুর নির্যাতন চালায়।
ওসি আরো জানান, পরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে আত্মহত্যার কথা প্রচার করা হয় বলে অভিযোগ করেন প্রতিবেশীরা। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ময়নার মরদেহ উদ্ধার করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও হানান ওসি এমদাদ শেখ। তিনি জানান, সুরতহাল বিশ্লেষণে নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ দেখা গেছে। এ ছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা