এটা হ্যাকিং না হাইজ্যাকিং : দুদক চেয়ারম্যান
বাংলাদেশ ব্যাংকের বিপুল অর্থ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ‘এটা হ্যাকিং না হাইজ্যাকিং হয়েছে- ভেবে দেখা দরকার। তা না হলে আমাদের সব টাকা চলে যাবে। এখনি ব্যবস্থা নেওয়া দরকার।’
আজ সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘দুর্নীতির কারণে আমাদের জিডিপির শতকরা দুই ভাগ চলে যায়। দুর্নীতি না হলে জিডিপি আরো বৃদ্ধি পেত। দুর্নীতি কমিয়ে আনতে পারলে জিডিপি সাড়ে ৬ থেকে বেড়ে ১০ হতো। আর দুর্নীতি কমিয়ে আনাই আমার প্রধান কাজ হবে।’
এর আগে দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দুদকের নবনিযুক্ত কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ