ফরিদপুরে আট ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার
ছবি : এনটিভি
ফরিদপুরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরিপ্রেক্ষিতে আট ঘণ্টা পর পরিবহন শ্রমিকরা স্থানীয় বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
মহাসড়কে থ্রি-হুইলার মাহেন্দ্র, নসিমন, অটোবাইক বন্ধের দাবিতে আজ রোববার সকাল ১০টা থেকে বাস পরিবহন শ্রমিকরা ধর্মঘট শুরু করে। এর ফলে ফরিদপুরের ১০টি লোকাল রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিকেলে স্থানীয় প্রশাসন বাস শ্রমিক ও মালিকদের নিয়ে বৈঠকে বসে। বৈঠকের দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হলে বিকেলে ৫টা থেকে সব রুটে আবার বাস চলাচল শুরু হয়।
ফরিদপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির জানান, আজ বিকেলে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের দাবি বাস্তবায়নে আশ্বাস পাওয়ায় দুদিনের জন্য ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে দাবির ব্যাপারে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিলে আবার ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে।

সঞ্জিব দাস, ফরিদপুর