বোয়ালমারীতে ব্যবসায়ী ও অটোভ্যানচালককে কুপিয়ে জখম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর বাজারের ব্যবসায়ী বিপ্লব পালকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা প্রায় দেড় লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিপ্লব পাল জয়নগরের দোকান থেকে বাড়ি ফেরার পথে জয়নগর কয়ড়াকালি বাড়ি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। বিপ্লবকে আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ছিনতাইয়ের ঘটনায় বিপ্লব বাদী হয়ে বুধবার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের সানোয়ার (৩৫) ও নাজির শেখকে (২৫) আসামি করে থানায় মামলা করেছেন।
অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দাদপুর ইউনিয়নে পূর্বভাটদি গ্রামের পিকুল (২৫) নামের এক অটোভ্যানচালককে ছিনতাইকারীর দল কুপিয়ে জখম করে।
জানা যায়, ওই দিন যাত্রীবেশে তিন ছিনতাইকারী মুজুরদিয়া থেকে পিকুলের অটোভ্যান ভাড়া করে ভাটদি বাজারে যাওয়ার পথে শরবানদিয়ায় পৌঁছালে ছিনতাইকারীরা পিকুলকে ছোরা দিয়ে কুপিয়ে অটোভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে।
এ সময় পিকুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পিকুলকে চিকিৎসা দেওয়া হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর