ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ২২ মার্চ
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে আগামী ২২ মার্চ। দীর্ঘ ১১ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার সকালে শহরের থানা রোডে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কার্যনির্বাহী কমিটির এক সভায় এ কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সাবেক কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ, মোশাররফ হোসেন, খসরুজ্জামান দুলু, অমিতাভ বোস, লোকমান হোসেন, কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন প্রমুখ।
সভায় জানানো হয়, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী ২২ মার্চ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ এনটিভি অনলাইনকে বলেন, দীর্ঘ ১১ বছর পর সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তিনি বলেন, মাঠের ত্যাগী নেতাকর্মীদের যেন এবারের সম্মেলনে মূল্যায়ন করা হয় এটিই সবার প্রত্যাশা।

সঞ্জিব দাস, ফরিদপুর