মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, চাচার বিরুদ্ধে মামলা
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার চাচার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
মামলার আরজিতে জানা যায়, চৌদ্দগ্রামের মাদ্রাসার ফাজিল (স্নাতক সমমান) শ্রেণির এক ছাত্রীকে তার চাচাত চাচা মো. ইয়াসিন মিয়া গত ১ ফেব্রুয়ারি ধর্ষণ করেন। এই অভিযোগে ছাত্রীর মা গত ২৪ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত কুমিল্লায় ইয়াসিন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। গত ১ মার্চ বিচারক আজিজুর রহমান ভূঁইয়া মামলাটি আমলে নেন। তিনি একদিনের মধ্যে মামলাটি এজাহারভুক্ত করে ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি নিতে চৌদ্দগ্রাম থানাকে নির্দেশ দেন।
মাদ্রাসাছাত্রী জানান, বিভিন্ন সময় তাঁর চাচা ইয়াসিন আপত্তিজনক আচরণ করতেন। গত ১ ফেব্রুয়ারি দুপুরে ইয়াসিন তাঁকে বাড়ির পেছনের ঝোপে নিয়ে ধর্ষণ করেন। তিনি চিৎকার করলে তাঁর মাথায় আঘাত করে হত্যার চেষ্টা চালান। চিৎকার শুনে তাঁর বোন এসে ইয়াসিনকে দেখতে পান। তখন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছাত্রীর মা জানান, ইয়াসিন প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে মামলা না করতে হুমকি-ধমকি দিতে থাকেন। থানায় মামলা করতে না পেরে এবং এলাকায় কোনো প্রকার বিচার না পেয়ে তিনি আদালতে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী লতিফা বেগম পিনু বলেন, ‘ভিকটিমের মা ২৪ ফেব্রুয়ারি আদালতে আমাদের কাছে এলে নারী নির্যাতন আইনের ৯ এর ১ ধারায় একটি মামলা দায়ের করা হয়। বিচারক চৌদ্দগ্রাম থানাকে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার আদেশ দিয়েছেন।’
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতের কোনো আদেশ এখনো থানায় এসে পৌঁছায়নি।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা