মানিকগঞ্জে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, তিন পুলিশ আহত
মানিকগঞ্জে একটি গাছের সঙ্গে পুলিশের পিকআপভ্যানের ধাক্কা লেগেছে। এতে এক উপপরিদর্শক (এসআই), দুই কনস্টেবলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
আহত তিন পুলিশ সদস্য হলেন—মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম (৫৪), কনস্টেবল সফিকুল ইসলাম (৩৬) ও আবদুস সালাম (৩৫)। তাঁদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, রাতে পিকআপভ্যানটি নিয়ে বাগিয়া, বালিরটেক ও শানবান্ধা এলাকায় টহল দিতে যান ওই তিনজন। সেখান থেকে ফেরার পথে সাড়ে ৩টার দিকে পিকআপটি ব্রেক ফেল করে পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ওই তিন পুলিশ সদস্য আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে তাঁদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাহ জানান, পুলিশ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা এখন আশঙ্কামুক্ত রয়েছেন।
দুর্ঘটনার পরপরই মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালে আহত তিনজনকে দেখতে যান।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ