মাকে হারালেন মঞ্জু
খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর মা আয়েশা বেগম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা শেষে আজ শনিবার বিকেলে মহানগরের টুটপাড়া কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
এর আগে আসরের নামাজের পর খুলনার আলিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত জানাজায় সব রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জানাজায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আসাদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তুরের মানুষ।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মঞ্জুর মা মৃত্যুবরণ করেন। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী শুক্রবার জুমার নামাজের পর নগরীর পিটিআই ও মিয়াপাড়া মসজিদে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।


মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা